২০১৯ সালের নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) পশ্চিমবঙ্গে কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার (২০ মে) নবান্নে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।
শুভেন্দু অধিকারী বলেন, ২০২৫ সালের ১৪ মে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে একটি নির্দেশিকা পাঠায়। ওই নির্দেশিকায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে হস্তান্তরের কথা বলা হয়েছিল। তবে আগের সরকার সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। সিএএর আওতায় যেসব সম্প্রদায় বা ধর্মাবলম্বীরা পড়েন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন, তাদের পুলিশ কোথাও হেনস্তা করতে পারবে না।”
অন্যদিকে, সিএএর আওতার বাইরে থাকা ব্যক্তিদের “সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী” হিসেবে উল্লেখ করে শুভেন্দু বলেন, তাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করে আটকাবে এবং পরে বিএসএফের হাতে হস্তান্তর করবে। বিএসএফ বিজিবির সঙ্গে সমন্বয় করে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।
এ বিষয়ে রাজ্যের পুলিশের মহাপরিদর্শক ও স্বরাষ্ট্রসচিবকে অবহিত করা হয়েছে বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের সীমান্তঘেঁষা সব থানায় দেশের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করা হয়েছে।

