যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি বিমান প্রদর্শনীর সময় মাঝ আকাশে দুইটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বিমানে থাকা চারজন ক্রু প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
রোববার (১৭ মে) আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর-পশ্চিমে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে জানান, প্রদর্শনীর সময় দুইটি EA-18G গ্রাউলার যুদ্ধবিমান আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বিমানের চার ক্রু নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। এ সময় সাময়িকভাবে ঘাঁটিটি লকডাউন করা হয় এবং এয়ার শোর বাকি কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়।
মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় জড়িত বিমানকর্মীরা স্থিতিশীল অবস্থায় আছেন। দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করায় দর্শনার্থীদের ধন্যবাদ জানানো হয়।
মার্কিন নৌবাহিনী আরও জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত EA-18G গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল। প্রতিটি বিমানের আনুমানিক মূল্য ৬৭ মিলিয়ন ডলার।
আয়োজক প্রতিষ্ঠান ‘সিলভার উইংস অব আইডাহো’র প্রতিনিধি কিম সাইকস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনায় ঘাঁটির মাটিতে থাকা কেউ হতাহত হননি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

