অন্তর্জালে প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার। ট্রেলার প্রকাশের পর থেকেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি করেছে। দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে।
ভারতীয় পরিচালক আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন থ্রিলার চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা রণবীর সিং। ট্রেলারে দেখা যায়, আগের পর্বের ঘটনাপ্রবাহ থেকে শুরু করে নতুন প্রতিশোধের কাহিনি নিয়ে এগিয়ে যাচ্ছে গল্প। রণবীর সিংকে এখানে জাসকিরাত সিং রঙ্গি বা হামজা চরিত্রে আরও তীব্র ও রুক্ষ অবতারে দেখা গেছে, যা দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।

প্রায় সাড়ে তিন মিনিটের এই ট্রেলারে শক্তিশালী অ্যাকশন দৃশ্য, রাজনৈতিক টানাপোড়েন এবং প্রতিশোধের নাটকীয় গল্প ফুটে উঠেছে। ট্রেলার প্রকাশের পরপরই এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পেতে শুরু করে। অনেক দর্শক এটিকে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা বলেও মন্তব্য করছেন।
এদিকে ট্রেলার প্রকাশের পর পরিচালক আদিত্য ধর এক ধরনের হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন। তিনি বলেন, ছবিটি নিয়ে ভুল তথ্য বা বিভ্রান্তিকর প্রচারণা চালানো হলে তা সহ্য করা হবে না। নির্মাতাদের দাবি, ছবিটি বড় পরিসরের একটি অ্যাকশনধর্মী গল্প, তাই দর্শকদের পুরো সিনেমা দেখেই মতামত দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ আগামী ১৯ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির আগেই ট্রেলার ঘিরে দর্শকদের আগ্রহ এবং আলোচনার মাত্রা নতুন করে বাড়িয়ে দিয়েছে ছবিটিকে।









