ডেস্ক রিপোর্ট:
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ সম্প্রতি দাবি করেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। একই প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হন। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ প্রকাশ করা হয়নি।
তাসনিম নিউজ তাদের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচিত স্কট রিটারের একটি এক্স পোস্টের উল্লেখ করেছে। ওই পোস্টে বলা হয়, নেতানিয়াহু তার সরকারি বাসভবনে অবস্থান করার সময় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। কিন্তু যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে সেটি আদৌ স্কট রিটারের আসল অ্যাকাউন্ট কি না, তা নিশ্চিত নয়।
প্রতিবেদনে নেতানিয়াহুর মৃত্যুর সমর্থনে কোনো ছবি বা নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করা হয়নি। বরং বিভিন্ন পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং মার্কিন ও ফরাসি কর্মকর্তাদের কিছু কূটনৈতিক যোগাযোগের তথ্য।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। সর্বশেষ নিশ্চিত তথ্য অনুযায়ী, গত ৭ মার্চ নেতানিয়াহু দক্ষিণ ইসরায়েলের বিরশেবা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত ব্যক্তিদের দেখতে যান।
উল্লেখ্য, এ ধরনের দাবি এই প্রথম নয়। এর আগে গত ২ মার্চও ইরানের কয়েকটি সংবাদমাধ্যম নেতানিয়াহুর মৃত্যুর খবর প্রকাশ করেছিল। পরে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম সেই খবরকে ভিত্তিহীন গুজব হিসেবে উল্লেখ করে।








