Friday, July 17, 2026
Home জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান, উদ্বোধন করলেন উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান, উদ্বোধন করলেন উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা

0
48

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপস্থিত হন।

এর আগে, যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর গত ২৭ ডিসেম্বর তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছিলেন। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয় সফর।

সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউজিসি জানায়, কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মামুন। এছাড়া শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকার কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রণয়নে এটি সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here