ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বুধবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর এলাকার সাফদারপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর স্টেশন মাস্টার রিপন আলী।
তিনি জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদিগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে এর পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রিপন আলী আরও জানান, সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন কোটচাঁদপুরে পৌঁছায়। দ্রুতই লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে বলে আশা করা হচ্ছে।
দুর্ঘটনার পর ওই রুটে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় রেলপথে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। উদ্ধারকাজ শেষ হলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

