স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬
এখন থেকে প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সরকারের উদ্যোগে এ কার্যক্রমের মাধ্যমে নদী, খাল, বিলসহ অপরিষ্কার স্থানগুলো পরিষ্কার করার তদারকি করবেন সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর পবা উপজেলায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে বারনই নদীর শাখা খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। পবা উপজেলার বায়া ব্রিজের নিচে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ভূমিমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার দেশের বিভিন্ন এলাকায় নদী, খাল ও বিলসহ অপরিষ্কার স্থানগুলো পরিষ্কার করার কাজ চলবে। এজন্য সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যরা সরাসরি তদারকি করবেন। তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে কোনো আনুষ্ঠানিকতা, বেলুন উড়ানো বা আড়ম্বরপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।








