স্টাফ রিপোর্টার | কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় একটি সুফি দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দরবারটির সুফি সাধক শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একদল উত্তেজিত লোক দরবারটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, হামলার সময় শামীম জাহাঙ্গীরকে লক্ষ্য করে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়, যার জের ধরে এই সহিংস ঘটনার সূত্রপাত।
এদিকে, এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।







