Friday, July 17, 2026
Home ঢাকা ঢাকায় বসছে ২৮টি কোরবানির পশুর হাট, স্বচ্ছ টেন্ডারে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ

ঢাকায় বসছে ২৮টি কোরবানির পশুর হাট, স্বচ্ছ টেন্ডারে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ

0
31

ত্যাগের মহিমায় উদযাপিত হতে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে এবার মোট ২৮টি পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলীর স্থায়ী হাটসহ ১৬টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২টি অস্থায়ী হাটে পশু কেনাবেচা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, পশুর হাট ইজারায় কোনো ধরনের লুকোচুরি করা হচ্ছে না। তার ভাষায়, “আমরা কিন্তু লুকোচুরি করে কাউকে পশুর হাট দিচ্ছি না। টেন্ডার করে তা ওপেন হয়; তাদের সামনেই খোলা হয়। নিজের চোখে তারা দেখে যখন আমাদের কাছে আপিল করে, আমরা ফাইল প্রসেস করে দিই, তারা টাকা জমা দেয়। সকলকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আমরা তিন ধাপে টেন্ডারের ব্যবস্থা করে থাকি।”

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও জানিয়েছে, এ বছর ১২টি অস্থায়ী হাট বসানো হবে। ইজারা ও হাটের সীমানা নির্ধারণের কাজ চলছে। দক্ষিণ সিটির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, “ওপেন টেন্ডার হয়েছে। যাদের ইচ্ছে তারাই অংশগ্রহণ করেছে। নির্দিষ্ট সময়ের আগে কোথাও হাট বসতে পারবে না। আমরা তাদের নির্দিষ্ট সীমানাও টেনে দিচ্ছি। এর বাইরে বসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫টি হাটের মধ্যে ইতোমধ্যে ১০টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টির মধ্যে সিডিউল কেনা হলেও এখনো ড্রপ হয়নি। এসব হাটের চূড়ান্ত ইজারা আগামী সোমবার নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, প্রতিযোগিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এবার কঠোর নজরদারি থাকবে। নির্ধারিত সীমানার বাইরে হাট বসতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছে দুই সিটি করপোরেশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here