Homeফুটবলকোলম্যানকে নিয়োগের সবশেষ আপডেট জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কোলম্যানকে নিয়োগের সবশেষ আপডেট জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ নিয়ে নাটকীয়তা এখনো কাটেনি। ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতিবাচক থাকলেও তার এজেন্টের সঙ্গে চুক্তিগত জটিলতায় বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

রোববার (১৭ মে) বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, কোলম্যানকে নেওয়ার বিষয়ে তারা মানসিকভাবে প্রস্তুত থাকলেও বাফুফে থেকে জানানো হয়েছে, তার এজেন্টের সঙ্গে এখনও বোঝাপড়া হয়নি।

তিনি বলেন, “আমরা যাকে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, তার বিষয়ে সার্বিকভাবে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে, তা প্রদান করার জন্য আমরা প্রস্তুত। কিন্তু আমি বাফুফে থেকে জানলাম, তার যে এজেন্ট রয়েছে, তার সঙ্গে এখনও বোঝাপড়া হয়নি।”

ফুটবল অঙ্গনে খেলোয়াড় ও কোচ নিয়োগে এজেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাফুফে দুই বছরের জন্য কোলম্যানকে কোচ হিসেবে চুক্তিবদ্ধ করতে চায়। তবে তার এজেন্ট বড় অঙ্কের পারিশ্রমিক দাবি করায় তা ফেডারেশনের জন্য আর্থিকভাবে চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে কোলম্যানকে নিয়ে আলোচনা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, এজেন্টের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি প্রশ্ন তোলেন, শেষ পর্যন্ত কোলম্যানকে পাওয়া যাবে কি না, সেটিও এখনও নিশ্চিত নয়।

আগামী ৫ জুন সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সে কারণে দ্রুত কোচ নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিষয়টি বিবেচনায় রেখে প্রতিমন্ত্রী বলেন, কোলম্যানের বিষয়ে এখনো তারা ইতিবাচক। তবে কোনো কারণে তিনি না হলে তালিকায় থাকা পরবর্তী প্রার্থীকে নিয়ে এগোতে বলা হয়েছে।

এদিকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শনিবার রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। আজ রোববার তিনি কোচ ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা থাকলেও বিষয়টি চূড়ান্ত না হওয়ায় তা পিছিয়ে আগামীকালের জন্য নির্ধারণ করা হয়েছে। কোলম্যানসহ সম্ভাব্য কোচরা ইউরোপে অবস্থান করায় বাংলাদেশ সময়ের সঙ্গে পার্থক্যও সিদ্ধান্তে বিলম্ব ঘটাচ্ছে বলে জানা গেছে।

বাফুফে সভাপতি আগামীকাল কোচ নিয়োগ ইস্যুতে একটি সামগ্রিক আপডেট জানানোর পরিকল্পনা করেছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য