কলকাতা, ৭ মে — ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় একটি সন্দেহভাজন গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্যমগ্রামের কাছে ঘটনাস্থল থেকে জীবিত গুলি ও ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ।
পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) সিদ্ধ নাথ গুপ্ত জানান, অপরাধে ব্যবহৃত গাড়িটির নম্বরপ্লেট ভুয়া এবং সেটিতে কারসাজি করা হয়েছিল। তিনি বলেন, তদন্ত শুরু হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নেওয়ার পাশাপাশি আলামত সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে।
এর আগে বুধবার (৬ মে) মধ্যমগ্রামের কাছে দুর্বৃত্তদের গুলিতে আহত হন চন্দ্রনাথ রথ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনাকে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে দাবি করেছে বিজেপি। দলটির নেতা সুজয় কুমার দে অভিযোগ করেন, এলাকায় ভয় সৃষ্টি এবং রাজনৈতিক প্রভাব বজায় রাখতেই এ হামলা চালানো হয়েছে। তিনি এই ঘটনার পেছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন।
সুজয় কুমার দে সাংবাদিকদের বলেন, আমাদের তথ্য অনুযায়ী, চার থেকে পাঁচজন মোটরসাইকেলে এসে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। তারা এলোপাতাড়ি হামলা চালায়নি, নির্দিষ্ট ব্যক্তিকেই হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
অন্যদিকে, ঘটনার নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেসও। দলটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হস্তক্ষেপ দাবি করেছে।



