ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের মানুষ ঘরমুখো হতে শুরু করেছেন। এর ফলে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত মহাসড়কের কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। এতে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলার মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।
সরেজমিনে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের রাবনা, নগরজলফৈ বাইপাস ও এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে অনেক।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের সময় যত ঘনিয়ে আসছে সেতুতে যানবাহনের চাপ তত বাড়ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সেতু এলাকায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চারটি মোটরসাইকেল বুথসহ উভয় পাশে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রশাসনের সমন্বিত উদ্যোগের ফলে এ বছর ঈদযাত্রায় বড় ধরনের যানজট ছাড়াই মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।








