বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে আয়োজিত এ সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ক্রীড়া সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ১৪৪ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় গত দুই বছরের সাংগঠনিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন, সদস্যদের কল্যাণমূলক উদ্যোগ, ক্রীড়া সাংবাদিকতার পেশাগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া দেশের ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়া সাংবাদিকদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন সদস্যরা।
সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় বিএসপিএ’র ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার মোফাখখারুল ইসলাম দিলখোশ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ইয়াহিয়া মুন্না ও রাহেনুর ইসলাম উপস্থিত ছিলেন।
এবারের নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ১৯টি মনোনয়নপত্র জমা পড়ায় সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর ক্রীড়া সাংবাদিক রেজওয়ান উজ জামান রাজিব। টানা দ্বিতীয়বারের মতো তিনি সংগঠনটির নেতৃত্বে দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়-এর সুদীপ্ত আহমদ আনন্দ।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তালহা বিন নজরুল (দৈনিক নয়াদিগন্ত) এবং আবু নোমান মো. উল্লাহ (অলআউট স্পোর্টস)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল মুহাম্মদ তিতুমীর (যমুনা টিভি) ও সাজিদ মুস্তাহিদ (সময় টিভি)। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহজাহান কবির (কালের কণ্ঠ)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ কে এম ফয়জুল ইসলাম (চ্যানেল ২৪)।
এছাড়া পুনরায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমার দেশ)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়হান উদ্দিন রাসেল।
নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন— খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), পরাগ আরমান (এটিএন বাংলা), কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর), মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম), তানজীম আহমেদ (বাংলা ট্রিবিউন), রাশিদা আফজালুন নেসা (বাসস), মাহফুজুল ইসলাম (আরটিভি), নাভিল এলাহী খান (টি-স্পোর্টস) এবং সামসুল আরেফীন খান (ডেইলি স্টার)।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও কার্যকর, আধুনিক ও পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, দেশের ক্রীড়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কর্মসূচি বৃদ্ধি, সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে নতুন কমিটি কাজ করবে।
সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের সদস্যরা। এসময় সংগঠনের ঐক্য অটুট রেখে দেশের ক্রীড়া সাংবাদিকতার উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।



