মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী সন্তান।
রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় দীর্ঘ তিন বছর ধরে ভাড়া থাকছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চিত্ময় দাস তার পরিবারের সদস্যদের নিয়ে চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় আসেন।
পরে রাতের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে। পাশের কক্ষে তখন একা ছিলেন মিষ্টি বাড়ৈ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

