Homeআন্তর্জাতিকপ্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: ডব্লিউএইচও

প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: ডব্লিউএইচও

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ ইবোলার টিকা বাজারে আসতে আরও অন্তত ৯ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপদেষ্টা ড. ভাসি মূর্তি।

বুধবার (২০ মে) জেনেভায় ডব্লিউএইচও’র সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ড. ভাসি মূর্তি বলেন, ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও প্রজাতি বা ধরনটির বিস্তার রোধে দুটি সম্ভাব্য ‘ক্যাণ্ডিডেট ভ্যাকসিন’ তৈরির কাজ শুরু হয়েছে। তবে এখনো টিকা দুটি ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছায়নি। টিকা সম্পূর্ণভাবে তৈরি এবং এরপর ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হতে প্রায় ৯ মাস সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা প্রায় মহামারি পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এর আগে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক বিবৃতিতে জানান, কঙ্গোতে ইবোলার উপসর্গজনিত কারণে এখন পর্যন্ত ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬০০ জনের মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে।

ড. ভাসি মূর্তি জানান, উপসর্গ দেখা দেওয়া ব্যক্তিদের মধ্যে ৫১ জনের ইবোলা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রতিবেশী উগান্ডাতেও ২ জনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে।

কঙ্গোতে নিশ্চিত রোগীদের সবাই দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি এবং উত্তর কিভু প্রদেশের বাসিন্দা। আর উগান্ডায় শনাক্ত ২ জন থাকেন রাজধানী কামপালায়।

ইবোলার এই বিধ্বংসী প্রাদুর্ভাবের কারণে গত ১৭ মে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও। তবে সংস্থাটি জানায়, পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারির পর্যায়ে পৌঁছায়নি।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য