পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, তৃণমূল, কংগ্রেস ও সিপিআইএমের মতো দলগুলোর তুলনায় বাংলাদেশের জামাতিরা তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে বেশি অস্বস্তিতে রয়েছে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় কলকাতার ভবানীপুর আসনে আয়োজিত এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
শুভেন্দু অধিকারী বলেন, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারীদের হটানো এবং অবৈধভাবে বসবাসকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে বিজেপি সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাঁর ভাষায়, “ভয় পাওয়ার লোক নই, মাথা নোয়ানোর লোকও নই।” তিনি আরও বলেন, “শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের জামাতিদের অস্বস্তি অনেক বেড়েছে।”
এ সময় তিনি রাজ্য সরকারের সীমান্তনীতি, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থানের পক্ষে সওয়াল করেন। তাঁর দাবি, ভোটার তালিকা থেকে নাম বাতিলের পর এখন ফেরত পাঠানোর সময় এসেছে।
এর আগে রোববার (১৭ মে) কলকাতার পার্ক সার্কাসে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায়ও কড়া হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পুলিশের ওপর হামলা হলে তার জবাব দেওয়া হবে।
এদিন রাজ্য সরকার ধর্মীয় শ্রেণিবিভাগের ভিত্তিতে দেওয়া কিছু ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে—এ প্রসঙ্গও তিনি তুলেন। তাঁর দাবি, সরকারি অর্থের ব্যবহার শিক্ষা ও উন্নয়নে হওয়া উচিত, ধর্মীয় ভাতায় নয়।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিভিন্ন ব্যক্তির সম্পত্তি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

