দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। এরপর মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের সব জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
তিনি আরও জানান, এ সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ১০ জিলহজ বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
এর আগে রোববার (১৭ মে) প্রথম ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তুরস্ক ও ইন্দোনেশিয়া। পরে পাকিস্তান, ওমানসহ আরও কয়েকটি দেশ ২৭ মে ঈদুল আজহা পালনের ঘোষণা দেয়। অন্যদিকে সৌদি আরবে রোববার সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্যের দেশটিতে রোববারই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা উদ্যাপিত হবে।

