যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগের দিন অদ্ভুত এক পরিস্থিতির মুখে পড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। মাঠে রেফারি ও ফোর্থ অফিসিয়ালের ভুলে অনাকাঙ্ক্ষিতভাবে মাঠ ছাড়তে হয়েছে সান্তোসের এই তারকাকে। আর এই ঘটনার পর নিজের বিশ্বকাপ ভাগ্য কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
রোববার (১৭ মে) ব্রাজিলিয়ান লিগে করিতিবার বিপক্ষে সান্তোসের হয়ে শুরুর একাদশে ছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। তবে ম্যাচের ৬৫তম মিনিটে কাফ পেইনের কারণে সামান্য চিকিৎসা নিতে মাঠের বাইরে গেলে ঘটে বিপত্তি। ওই সময় ফোর্থ অফিসিয়াল ভুল করে বদলির বোর্ডে নেইমারের ১০ নম্বর জার্সি দেখান এবং মাঠে নামেন রবিনহো জুনিয়র।
কিন্তু সান্তোসের পরিকল্পনা ছিল ভিন্ন। ক্লাবটি ৩১ নম্বর জার্সিধারী গঞ্জালো এসকোবারকে উঠিয়ে রবিনহো জুনিয়রকে নামাতে চেয়েছিল। নেইমার ও সান্তোসের বেঞ্চ তাৎক্ষণিক প্রতিবাদ জানালেও রেফারি তার সিদ্ধান্তে অটল থাকেন। ক্ষোভে নেইমার বদলির কাগজটি রেফারির হাত থেকে ছিনিয়ে নিয়ে টিভি ক্যামেরার সামনে তুলে ধরেন, যেখানে স্পষ্টভাবে এসকোবারের নামই লেখা ছিল।
রেফারির এই ভুলের পর অধিনায়কের আর্মব্যান্ড এসকোবারকে দিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। ২০২৩ সালের অক্টোবরের গুরুতর হাঁটুর চোট কাটিয়ে সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। তবে বিশ্বকাপ দল ঘোষণার একদিন আগে এমন ঘটনায় আবারও আলোচনায় চলে এলেন তিনি।
ম্যাচ শেষে নিজের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে কথা বলেন নেইমার। তিনি বলেন, “আনচেলত্তি সিদ্ধান্ত নেবেন আমি সেখানে থাকার যোগ্য কি না। আমি এই দলের জন্য কঠোর পরিশ্রম করেছি। তবে যদি আমি নির্বাচিত না-ও হই, তাহলে আর দশজন সাধারণ সমর্থকের মতো গ্যালারিতে বসে ব্রাজিলকে সমর্থন করব।”
ব্রাজিলের প্রাথমিক ৫৫ সদস্যের দল থেকে সোমবার (১৮ মে) বাংলাদেশ সময় রাত ২টায় চূড়ান্ত ২৬ জনের তালিকা ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ আগেই জানিয়ে দিয়েছেন, অতীতের খ্যাতি নয়, বরং বর্তমান পারফরম্যান্স এবং শারীরিক সক্ষমতাকেই বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার মূল মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে।
বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও তরুণ সেনসেশন এন্দ্রিকদের মতো ফুটবলাররা দারুণ ফর্মে আছেন। ফলে দলে তরুণদের আধিপত্য যেমন বাড়ছে, তেমনি নেইমারের মতো অভিজ্ঞ তারকার শেষ বিশ্বকাপ খেলার সম্ভাবনাও নিয়ে বাড়ছে আগ্রহ।

