“Give blood, give hope: together we save lives”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছর ১৪ জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস।
নিরাপদ রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকে উৎসাহিত করা এবং রক্তদাতাদের অবদানের স্বীকৃতি দিতেই দিনটি পালন করে World Health Organization।
বিশ্বজুড়ে প্রতিদিন অসংখ্য মানুষ দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসবজনিত জটিলতা, ক্যানসার, থ্যালাসেমিয়া ও অন্যান্য গুরুতর রোগের কারণে রক্তের প্রয়োজন হয়।
এসব রোগীর জীবন বাঁচাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্বেচ্ছায় রক্তদানকারী মানুষরা।
একজন সুস্থ মানুষের দেওয়া এক ব্যাগ রক্ত থেকে লোহিত রক্তকণিকা, প্লাজমা ও প্লাটিলেট আলাদা করে তিনজন পর্যন্ত রোগীর চিকিৎসায় ব্যবহার করা সম্ভব।
কেন ১৪ জুন?
অস্ট্রিয়ান বিজ্ঞানী Karl Landsteiner-এর জন্মদিন ১৪ জুন। তিনি ১৯০১ সালে রক্তের গ্রুপ বা এবিও (ABO) পদ্ধতি আবিষ্কার করেন, যা নিরাপদ রক্তসঞ্চালনের ভিত্তি তৈরি করে। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জুনকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে।
নিরাপদ রক্তের চাহিদা ও বাস্তবতাঃ
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একটি দেশের মোট জনসংখ্যার অন্তত ১ শতাংশ মানুষের নিয়মিত রক্তদান নিশ্চিত করা গেলে জাতীয় রক্তের চাহিদা পূরণ করা সম্ভব। তবে অনেক উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও এখনও প্রয়োজনের তুলনায় নিরাপদ রক্তের সরবরাহে ঘাটতি রয়েছে।
বাংলাদেশে প্রতিবছর লাখ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়া রোগী, প্রসূতি মা, সড়ক দুর্ঘটনার আহত ব্যক্তি, ক্যানসার রোগী এবং বড় ধরনের অস্ত্রোপচারের রোগীদের জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে আত্মীয়স্বজনের মাধ্যমে রক্ত সংগ্রহ করতে গিয়ে রোগীর পরিবারকে ভোগান্তির শিকার হতে হয়। ফলে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়ানো সময়ের দাবি।
রক্তদান নিয়ে প্রচলিত ভুল ধারণাঃ
অনেকেই মনে করেন রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যায় বা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
চিকিৎসকদের মতে, সুস্থ ও প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি নির্দিষ্ট সময় পরপর নিরাপদভাবে রক্ত দিতে পারেন। সাধারণত রক্তদানের কয়েক ঘণ্টার মধ্যেই শরীর হারানো তরল অংশ পূরণ করে ফেলে এবং কয়েক সপ্তাহের মধ্যে রক্তকণিকাও পুনরায় তৈরি হয়।
রক্তদানের আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সম্পূর্ণ জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার করা হয়। ফলে রক্তদানের মাধ্যমে কোনো সংক্রমণের ঝুঁকি থাকে না।
রক্তদানের সামাজিক গুরুত্বঃ
রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়, এটি সামাজিক সংহতি ও সহমর্মিতারও প্রতীক। কোনো পরিচয়, ধর্ম, জাতি বা আর্থসামাজিক অবস্থান নয়— একজন রক্তদাতার দেওয়া রক্ত একজন অপরিচিত মানুষের জীবন বাঁচাতে পারে। এই মানবিক বন্ধন সমাজকে আরও সহানুভূতিশীল ও দায়িত্বশীল করে তোলে।
বিশেষ করে তরুণদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে উঠলে দেশের রক্তসংকট অনেকাংশে কমে আসতে পারে।
বর্তমানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্ল্যাটফর্ম নিয়মিত রক্তদান কর্মসূচি পরিচালনা করছে, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
রক্তদানে যেসব বিষয় জানা জরুরিঃ
সাধারণত ১৮ থেকে ৬০ বছর বয়সী সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারেন।
ওজন কমপক্ষে ৪৫-৫০ কেজি হওয়া প্রয়োজন।
রক্তদানের আগে পর্যাপ্ত ঘুম ও খাবার গ্রহণ করা উচিত।
পুরুষরা সাধারণত প্রতি চার মাস পর এবং নারীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট বিরতিতে রক্ত দিতে পারেন।
রক্তদানের পর পর্যাপ্ত পানি পান ও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া প্রয়োজন।
মানবতার সবচেয়ে সহজ উপহারঃ
রক্তের কোনো কৃত্রিম বিকল্প নেই।
একজন মানুষের শরীর থেকে পাওয়া রক্তই আরেকজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই বিশ্ব রক্তদাতা দিবস শুধু একটি দিবস নয়, এটি মানবতার প্রতি দায়বদ্ধতার এক শক্তিশালী বার্তা।
স্বেচ্ছায় রক্তদান হতে পারে এমন এক উপহার, যার বিনিময়ে পাওয়া যায় একজন মানুষের নতুন জীবন, একটি পরিবারের হাসি এবং সমাজের প্রতি দায়িত্ব পালনের অনন্য তৃপ্তি।
এক ব্যাগ রক্ত, একাধিক জীবন— এই উপলব্ধিই হোক বিশ্ব রক্তদাতা দিবসের মূল প্রেরণা।

