দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন দিলু মজুমদার। অভিনয়ের প্রতি নিষ্ঠা, সাবলীল উপস্থাপনা ও পরিশীলিত অভিনয়ভঙ্গির কারণে তিনি দর্শকমহলে আলাদা পরিচিতি তৈরি করেন।
বিশেষ করে নাট্যদল আরণ্যর বিভিন্ন প্রযোজনায় তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। দীর্ঘদিন ধরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত থেকে তিনি নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও তার মৃত্যুতে শোক জানানো হয়েছে।

