Homeবিনোদনসাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা

সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা

২০১১ সালের কর নিয়ে এক বিরোধের জেরে কলম্বিয়ান পপ তারকা শাকিরার কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া সাড়ে ৫ কোটি ইউরোরও বেশি অর্থ ফেরত দিতে স্পেনের কর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আদালত কর কর্তৃপক্ষের ওই দাবি গ্রহণ করেনি যে, ‘হিপস ডোন্ট লাই’ খ্যাত এই গায়িকা ২০১১ সালে স্পেনে ১৮৩ দিনের বেশি সময় অবস্থান করেছিলেন। স্পেনের আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে করদাতা হিসেবে বিবেচনা করতে হলে বছরে অন্তত ১৮৩ দিন দেশটিতে অবস্থান করতে হয়।

আদালতের রায়ে বলা হয়, শাকিরা ২০১১ সালে স্পেনে ১৬৩ দিন ছিলেন। একই সঙ্গে কর কর্তৃপক্ষ এটিও প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে, ওই সময়ে তাঁর অর্থনৈতিক স্বার্থের মূল কেন্দ্র স্পেনেই ছিল।

রায়ে আরও বলা হয়, স্পেনের কর সংস্থা যে অর্থ আদায় করেছিল, তা আইনি সুদসহ ফেরত দিতে হবে। এর ফলে শাকিরাকে ওই বছরের জন্য স্পেনের কর বাসিন্দা হিসেবে গণ্য করে যে কয়েক কোটি ইউরো জরিমানা ও কর সমন্বয় করা হয়েছিল, তা কার্যত বাতিল হয়ে গেল।

রায়কে স্বাগত জানিয়ে শাকিরা বলেছেন, বছরের পর বছর ধরে তাঁর সুনাম ক্ষুণ্ন করার জন্য যে সুপরিকল্পিত প্রচারণা চালানো হয়েছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে তার অবসান হলো। তিনি আরও বলেন, আদালত অবশেষে সত্য সামনে এনেছে।

এএফপি-কে দেওয়া বিবৃতিতে শাকিরা অভিযোগ করেন, অন্যান্য করদাতাদের কাছে হুমকিস্বরূপ বার্তা পাঠাতে তাঁর নাম ও জনসমক্ষে থাকা ভাবমূর্তিকে ব্যবহার করে পুরো প্রক্রিয়াটি বিকৃত ও অতিরঞ্জিত করা হয়েছিল।

ফেরত দেওয়া অর্থের পরিমাণ সাড়ে ৫ কোটি ইউরো ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রায় ২ কোটি ৪০ লাখ ইউরো আয়কর, প্রায় আড়াই কোটি ইউরো জরিমানা এবং বাকি অংশ সুদ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

৪৯ বছর বয়সী শাকিরার এই রায় এমন সময়ে এল, যখন তিনি আগামী সেপ্টেম্বর থেকে মাদ্রিদে কনসার্টের মাধ্যমে তাঁর রেকর্ড সৃষ্টিকারী ‘উইমেন ডোন্ট ক্রাই’ বিশ্ব সফর শেষ করতে যাচ্ছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য