আবারও দর্শকদের সামনে নতুন গল্প ও বাস্তব জীবনের অনুভূতি তুলে ধরবেবাংলা নাটকের দর্শকদের জন্য। জনপ্রিয় ধারাবাহিক নাটক “রমজানের দিনগুলি” নতুন আঙ্গিকে ফিরে আসছে সিজন–২ নিয়ে। পবিত্র রমজান মাসকে ঘিরে নির্মিত এই নাটকের গল্পে তুলে ধরা হয়েছে রমজান মাসকে কেন্দ্র করে দুটি পরিবারের দৈনন্দিন জীবন, সম্পর্কের টানাপোড়েন, মানবিকতা, ভালোবাসা এবং আত্মশুদ্ধির নানা দিক। দুটি পরিবারের মাধ্যমে সমাজের দুটি শ্রেনীকে তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান। তিনি একজন সংগ্রামী নারী চরিত্রে অভিনয় করেছেন। হতাশায় ডুবে থাকা এবং জীবনে স্বর্ণ সময় অপচয় করা একজন যুবকের চরিত্রে অভিনয় করেছে গল্পের কেন্দ্রীয় পুরুষ চরিত্র মীর রাব্বি। এছাড়াও হোসাইন নিরব ও তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন মায়া রহমান। তাদের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাজের স্বচ্ছল ও বিবেকবান মানুষের প্রতিচ্ছবি। রমজানের আধ্যাত্মিক পরিবেশের পাশাপাশি সমাজের বিভিন্ন বাস্তব সমস্যাও গল্পের মাধ্যমে ফুটে উঠবে। নাটকটির প্রতিটি পর্বে থাকবে নতুন ঘটনা, আবেগঘন মুহূর্ত এবং দর্শকদের জন্য শিক্ষণীয় বার্তা।

নাটকটি প্রতি শনিবার ও মঙ্গলবার নিয়মিত প্রচার করা হবে। নির্মাতা তন্ময় খান জানান, “রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি মানুষের আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। সেই বিষয়গুলোই আমরা নাটকের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সিজন–২-এ গল্পে আরও নতুন মোড় ও চমক থাকবে। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রযোজক সুলতানুজ্জামান জিসান ভাই কে বরাবরের মত তিনি এবার একটি ভাল কাজে আমকে অংশীদার করেছেন।
অন্যদিকে নাটকের লেখক তরিকুল ইসলাম তারেক বলেন, “দর্শকদের ভালোবাসা থেকেই আমরা সিজন–২ তৈরি করার অনুপ্রেরণা পেয়েছি। বাস্তব জীবনের গল্প ও রমজানের আবহকে কেন্দ্র করে আমরা এমন একটি গল্প বলার চেষ্টা করেছি যা সব বয়সের দর্শক উপভোগ করতে পারবেন।”
নাটকটিতে অভিনয় করেছেন একদল প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী, যারা তাদের সাবলীল অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন। নাটকের দৃশ্যায়ন, সংলাপ ও নির্মাণশৈলীতেও রাখা হয়েছে বিশেষ যত্ন, যাতে দর্শকরা রমজানের আবহ পুরোপুরি অনুভব করতে পারেন। নাটকটি মিনারা ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার ও মঙ্গলবার প্রচারিত হবে।








