‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিক সম্প্রতি ঢাকায় বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। ঢাকার পল্টনের কালভার্ট রোডে অবস্থিত রূপায়ন তাজ ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক গুণীজন সম্মাননা অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ চাটখিল নাগরিক কমিটি।
২০২৫ সালের পূজা উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় নাসিম সাহনিক পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’। ট্রাভেল ঘরানার কমেডি-থ্রিলার ধাঁচের এই চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকদের কাছে বেশ সাড়া ফেলে। বর্তমানে সিনেমাটি দর্শকরা ঢালিউড সিনেপ্লেক্সের ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম টফিতে উপভোগ করছেন।
নাটক নির্মাণের পাশাপাশি গোয়েন্দা ও সায়েন্স ফিকশন বইয়ের লেখক হিসেবেও পরিচিত নাসিম সাহনিক। ইতোমধ্যে তিনি প্রায় অর্ধশত নাটক নির্মাণ করেছেন। সৃজনশীল গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন তিনি। সেই ধারাবাহিকতায় চলচ্চিত্র নির্মাণে অবদানের জন্যই তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
সম্মাননা পাওয়ার পর অনুভূতি জানিয়ে নাসিম সাহনিক বলেন, “অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত। সৃজনশীল ব্যক্তিদের সম্মান জানাতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে গুণীজনদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম এ খান বেলাল, নোয়াখালী সোসাইটি ইউএসএর যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী রুবেল এবং বিশিষ্ট নাট্য অভিনেতা মুকিত জাকারিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকাস্থ চাটখিল নাগরিক কমিটির সভাপতি, প্রযোজক ও অভিনেতা জহির আব্বাস চৌধুরী (ভিপি মিলন)। তিনি বলেন, “গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের নবম আয়োজন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাহার উদ্দিন, ওয়ালিদ লিফটের চেয়ারম্যান মুহাম্মদ ওয়ালিদ খান, প্রাইম ট্রাস্ট প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুন্সি, ফার্মা সোর্স করপোরেশনের সিইও তোফায়েল আহমেদ, প্রিন্সিপাল গ্রুপের ভাইস চেয়ারম্যান মাসুদ উদ্দিনসহ বিভিন্ন অঙ্গনের গুণীজনেরা।
পরে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।








