টাঙ্গাইলে কৃষক কার্ড গ্রহণের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসা কৃষক কবির হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে এলে কৃষি অধিদপ্তরসহ টাঙ্গাইল জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা কবির হোসেনের বাড়ি পরিদর্শন করেন এবং তার কৃষি কার্যক্রম যাচাই করেন। তদন্তে তিনি একজন প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত হন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কবির হোসেন দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নিজস্ব জমিসহ বিভিন্ন কৃষি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে তার কৃষক পরিচয়ের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে ঘিরে সৃষ্ট বিতর্কের অবসান ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

