Homeজাতীয়দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে ২৭ শতাংশ, বিচার চেয়ে উল্টো লাঞ্ছিত ভুক্তভোগী

দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে ২৭ শতাংশ, বিচার চেয়ে উল্টো লাঞ্ছিত ভুক্তভোগী

আইনশৃঙ্খলা বাহিনীর হিসাবে, গেল বছর দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে ২৭ শতাংশ। বিচার চেয়েও অনেক ভুক্তভোগীকে উল্টো ধর্ষকদের হাতে লাঞ্ছনা-হয়রানির শিকার হতে হচ্ছে। দীর্ঘসূত্রতার কারণে বিচার প্রক্রিয়ার মাঝেই নষ্ট হয়ে যাচ্ছে আলামত, প্রমাণ ও সাক্ষ্য। অপরাধ বিশ্লেষকদের মতে, বিচারিক দৃষ্টান্ত স্থাপন না হলে ধর্ষণ প্রবণতা কমানো কঠিন।

নিজের ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনো বিচার প্রত্যাশায় দিন কাটাচ্ছেন এক ভুক্তভোগী। শুধু ধর্ষণ নয়, তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানায় থানা পুলিশ। পরে আদালতে মামলা করলে তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

ভুক্তভোগীর অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা ২০ হাজার টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রস্তাব দেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে আসামি মাহমুদুল হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলার চার্জশিট দেয় সিআইডি। তবে চার্জশিট হওয়ার পরও প্রধান অভিযুক্তকে একদিনের জন্যও কারাগারে যেতে হয়নি বলে দাবি ভুক্তভোগীর। বরং আদালতের বারান্দায় তাঁকেই মারধরের শিকার হতে হয়েছে।

অভিযোগের বিষয়ে মাহমুদুল হাসান সব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে হ্যারাসমেন্ট করার জন্যই এসব করা হচ্ছে।

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন নারীপক্ষের আইনজীবী কামরুন নাহার বলেন, ধর্ষণের শিকার অধিকাংশ নারীর জীবনের গল্প প্রায় একই রকম। তাঁর মতে, নির্যাতনের শিকার হওয়া ভুক্তভোগীর দোষ নয়; বরং সমাজে তাঁদের পুনর্বাসন ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রতি বছরই ধর্ষণের মতো অপরাধের ঘটনা বাড়ছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের নজির তৈরি না হলে এ ধরনের অপরাধ রোধ করা সম্ভব হবে না।

অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, “ধর্ষণের পর ধর্ষকের কিছু হয়েছে—এমন উদাহরণ খুবই কম। এর বিপরীতে কিছু হয়নি—এমন ঘটনা অসংখ্য। একজন ধর্ষণমনস্ক পুরুষ এই বিবেচনায়ই অপরাধে জড়ায়। আমরা যদি বিচারের দৃষ্টান্ত তৈরি করতে পারতাম, তাহলে এ ধরনের অপরাধ কমত।”

সংশ্লিষ্ট তথ্য বলছে, শুধু ২০২৫ সালেই সারা দেশে ধর্ষণ মামলা হয়েছে ৭ হাজার ৬৮টি।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য