Homeফুটবলনেইমারকে নিয়েই বিশ্বকাপের বিমান ধরছে ব্রাজিল

নেইমারকে নিয়েই বিশ্বকাপের বিমান ধরছে ব্রাজিল

নেইমার জুনিয়র কি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন—গত কয়েকদিন ধরে ব্রাজিল ফুটবল ভক্তদের প্রধান আলোচনার বিষয় ছিল এটি। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র।

সোমবার (১৮ মে) দিনগত রাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি দল ঘোষণা করেন। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরলেন এই তারকা ফরোয়ার্ড। নেইমারের অন্তর্ভুক্তি ঘিরে দর্শক-সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস, আর তার মধ্য দিয়েই ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় স্পষ্ট হলো বড় এক বার্তা।

২০২৩ সালে সর্বশেষ ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার। এরপর এসিএল চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। পরবর্তী সময়ে একাধিকবার চোটে পড়ায় ক্লাবের হয়ে কিছু ম্যাচে খেলার সুযোগ পেলেও জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি।

দল ঘোষণার জন্য প্রায় ঘণ্টাব্যাপী জমকালো আয়োজন শেষে মঞ্চে ওঠেন কার্লো আনচেলত্তি। গোলরক্ষক দিয়ে শুরু করে একে একে রক্ষণভাগ, মধ্যমাঠ ও আক্রমণভাগের খেলোয়াড়দের নাম ঘোষণা করেন তিনি। নেইমারের নাম উচ্চারণের পর উপস্থিত দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন, আর কিছুক্ষণ নীরব থাকতে হয় ব্রাজিল কোচকেও।

গোলরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে অভিজ্ঞ আলিসন ও এডারসনের পাশাপাশি ওয়েভারটনকে। মাঝমাঠে ক্যাসেমিরো, ব্রুনো গুমাইরেসদের সঙ্গে ডাক পেয়েছেন অভিজ্ঞ ফ্যাবিনিও। পাশাপাশি দলে ফিরেছেন ইংলিশ ক্লাব থেকে ব্রাজিলিয়ান ক্লাবে ফেরা লুকাস পাকুয়েতাও।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

Share this news as a Photo Card

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য