নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।
মঙ্গলবার (৫ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে বিষয়টি জানায়। চিঠিতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। পরে মিয়ামি কনস্যুলেটের প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে এ সম্মাননা গ্রহণ করবেন।
এর আগে স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৭ মে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা আছে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
প্রায় আট দিন নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে লিমনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়। এ ঘটনায় লিমনের রুমমেট, যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবিয়াকে পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর কয়েকটি কালো আবর্জনার ব্যাগের মধ্যে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।



